প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম
16
সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে জাসদের প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল ও বহিরাগত অনেকে অবস্থান করছিলেন, বৈঠক চলছিল। এমন সন্দেহে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চলছে। ইতোমধ্যে অর্ধশতাধিক হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান এখনো চলমান। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।